আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-15T11:14:50+06:00
2026-11-15T11:14:50+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:১৪ এএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
আবাসন সংকট ও বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের কয়েক ডজন শহরে বিক্ষোভ করেছেন হাজারো নাগরিক। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা এবং সরকারি উদ্যোগে আরও আবাসন নির্মাণের দাবি জানানো হয়।

‘এখানে বসবাসের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না’—এমন স্লোগানে রাজধানী লিসবন, পোর্তোসহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, মানুষের আয় না বাড়লেও আবাসন ব্যয় বেড়েই চলেছে। বাড়ির মালিকদের ভাড়া বাড়ানোর সুযোগ সীমিত করা এবং আবাসন খাতে জল্পনামূলক বিনিয়োগ বন্ধেরও দাবি জানান তারা।

পোর্তোর বিক্ষোভে আবাসন অধিকার আন্দোলন ‘কাসা পারা ভিভের’-এর প্রতিনিধি রাকেল ফেরেইরা বলেন, ‘আমাদের বসবাসের জন্য বাড়ি প্রয়োজন, জল্পনামূলক ব্যবসার জন্য নয়। সরকারি আবাসন নির্মাণ করতে হবে এবং ভাড়া কমাতে হবে।’

এদিকে সরকার সম্প্রতি একটি নতুন আবাসন বিল গ্রহণ করেছে। এতে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, অগ্রিম জামানত ও ভাড়া বেশি নেওয়ার সুযোগ এবং ১৯৯০ সালের আগের চুক্তির নিয়ম পরিবর্তনের কথাও বলা হয়েছে।

সরকারের দাবি, এসব পদক্ষেপের ফলে ভাড়ার বাজারে আরও বাড়ি আসবে। তবে বামপন্থি ব্লকের সমন্বয়ক হোসে ম্যানুয়েল পুরেজা বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের আশঙ্কা, প্রস্তাবিত আইন কার্যকর হলে ভাড়াটিয়ারা আরও অনিরাপদ হয়ে পড়বেন।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পর্তুগালে আয়ের তুলনায় আবাসন ব্যয় বেড়েছে ৬০ দশমিক ৮ শতাংশ। ২০২০ সালের পর থেকে বাড়িভাড়া বেড়েছে ৬৮ শতাংশ। বিশেষ করে রাজধানী লিসবন ও পোর্তোতে আবাসন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছে।

অর্থনীতিবিদদের মতে, পর্যটন বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ, গোল্ডেন ভিসা কর্মসূচি এবং স্বল্পমেয়াদি ভাড়ার জন্য বাসা ব্যবহারের প্রবণতা আবাসন সংকটের অন্যতম কারণ। অন্যদিকে আন্দোলনকারীরা গোল্ডেন ভিসা ও ডিজিটাল যাযাবরদের জন্য দেওয়া সুবিধা বন্ধ এবং আবাসন তহবিলের কর ছাড় প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সরকার নতুন বাড়ি নির্মাণে কর কমানো এবং ১ লাখ ৪৫ হাজার নতুন আবাসন তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। সূত্র: ইউরো নিউজ

জ/শা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত