পর্যটকদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণে নির্মিত বিশেষ হাঁটার পথ। চলতি বছরের শেষ নাগাদ এটি চালু হওয়ার কথা রয়েছে। আয়োজকদের দাবি, এটিই হবে বিশ্বের প্রথম ও দীর্ঘতম স্বর্ণের হাঁটার পথ।
গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে আকর্ষণীয় এই পথটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই পথে হাঁটার মাধ্যমে দর্শনার্থীরা স্বর্ণের এক অনন্য অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে প্রকল্পটি বিশ্বব্যাপী স্বর্ণ ব্যবসা ও পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান আরও শক্তিশালী করবে।
দুবাইয়ের দেইরা এলাকায় অবস্থিত গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে। স্বর্ণ, গয়না, বুলিয়ন, পাইকারি ব্যবসা ও বিনিয়োগকে একই জায়গায় নিয়ে আসার পরিকল্পনা থেকে গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক কেন্দ্র।
দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলাটিতে স্বর্ণ, গয়না, সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও জুয়েলারি বাণিজ্য প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাড়ানো হচ্ছে অফিস ও খুচরা বিক্রয়কেন্দ্রের পরিসরও।
রশিদ আল হারমুদি জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিস চালুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি স্বর্ণ, গয়না, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।
আগামী এক বছরে গোল্ড ডিস্ট্রিক্টে নতুন প্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করছেন তিনি।
সংশ্লিষ্টদের ধারণা, ২৪ ক্যারেট স্বর্ণের হাঁটার পথ চালু হলে পর্যটকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দুবাইয়ের স্বর্ণ বাণিজ্যের পরিচিতিও আরও বিস্তৃত হবে।
জ/শা