ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকি পাওয়ার পর নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকির মুখে নিরাপত্তার কারণে বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বেসেন্ট।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। স্কট বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও তাঁদের এমন মূল্যায়নের অন্যতম ভিত্তি।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’
পরবর্তী সময়ে দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সও খবরটির সত্যতা নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি জানায়, ইরান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে বলে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে একটি নথিতে সতর্ক করেছিলেন।
মূলত গত আগস্ট থেকে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। তবে তাঁর বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণায় অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন বেসেন্ট।
জ/দি