রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। নগরীর দীর্ঘদিনের যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালু, বিদ্যুৎচালিত বাসের প্রচলন, মেট্রোরেলের সঙ্গে অন্যান্য পরিবহন মাধ্যমের সংযোগ বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনা যাচাই এবং পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়গুলো পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বর্ষাকালে নিরবচ্ছিন্ন যাতায়াত, ডিজিটাল বাস ব্যবস্থাপনা, উন্নত চার্জিং অবকাঠামো এবং যাত্রীবান্ধব পরিবহনসেবা গড়ে তোলার উদ্যোগও বিবেচনায় রয়েছে।
সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহনকে নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশসম্মত করে তোলা। এর মাধ্যমে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি ঢাকাকে আধুনিক নগর পরিবহনের উপযোগী করে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকা দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে যাতায়াত করেন। কিন্তু জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পরিবহন অবকাঠামো এবং ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়ায় নগরবাসীর যাতায়াত ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার মধ্যে রয়েছে অসহনীয় যানজট, বাসের বিশৃঙ্খল চলাচল, যাত্রী ওঠানামায় অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত সময়সূচির অভাব, নারীদের নিরাপত্তাহীনতা এবং বায়ুদূষণ। সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যান চলাচল করায় অনেক এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এর সঙ্গে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অপরিকল্পিত বাসস্টপেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাসের রুট পুনর্বিন্যাস, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ, ডিজিটাল নজরদারি, সমন্বিত টিকিটব্যবস্থা এবং যানবাহনের মান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন প্রয়োগে জোর দিতে হবে। মধ্যমেয়াদে রুট পুনর্বিন্যাস, বাসভিত্তিক সমন্বিত সেবা এবং গণপরিবহনের মান উন্নয়ন জরুরি। আর দীর্ঘমেয়াদে মেট্রোরেল, বাস ও অন্যান্য পরিবহনব্যবস্থার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘পরিকল্পনা গ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ধারাবাহিক বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি পথচারী, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, পরিবহন খাতে শৃঙ্খলা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিতে হবে।’
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিদিন বাসে অতিরিক্ত ভিড়, হয়রানি ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। নারীদের জন্য পৃথক বাসসেবা সম্প্রসারণ করা গেলে তাদের নিরাপদ যাতায়াতের বিকল্প তৈরি হবে। তবে শুধু পিংক বাস চালুর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কার্যকর নজরদারি, অভিযোগ জানানোর ব্যবস্থা, চালক ও সহকারীদের প্রশিক্ষণ এবং হয়রানির ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘রাজধানীর গণপরিবহনব্যবস্থাকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর করা হয়েছে। একই সঙ্গে সাধারণ গণপরিবহনেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও সরকারের পরিবহন আধুনিকায়ন উদ্যোগের অন্যতম অংশ। জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানো গেলে সড়কে সরাসরি নির্গত দূষণকারী পদার্থ কমানো সম্ভব হবে। এজন্য বাস ডিপো, গুরুত্বপূর্ণ টার্মিনাল ও পরিবহনকেন্দ্রে পর্যাপ্ত চার্জিং স্টেশন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাটারি ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
মেট্রোরেল স্টেশনকে কেন্দ্র করে চার্জিং সুবিধা স্থাপনের প্রস্তাবও বৃহত্তর পরিবহন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে মূল্যায়ন করা হচ্ছে। তবে এ ধরনের অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে যাত্রী চলাচল, জরুরি প্রবেশপথ ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বায়ুদূষণ কমাতে বিদ্যুৎচালিত বাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলা হবে। মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে সমন্বয় করে চার্জিং সুবিধা স্থাপনের সম্ভাবনাও যাচাই করা যেতে পারে।’
বর্ষাকালে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানবাহনের ধীরগতির কারণে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদের ভোগান্তি বাড়ে। এ সমস্যা মোকাবিলায় জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করা, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত আশ্রয়যুক্ত বাসস্টপ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সচল রাখার পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট এলাকার জন্য বিকল্প পরিবহনসেবা চালুর বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
পরিবেশবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যানবাহনের নির্গমনমাত্রা, জ্বালানির দক্ষতা, ফিটনেস পরীক্ষা এবং পরিবেশগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর প্রয়োগ জরুরি। পাশাপাশি অতিরিক্ত দূষণকারী পুরোনো যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবহনমালিকদের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি যানবাহনের নির্গমন মাত্রা নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, নিয়মিত যানবাহন পরিদর্শন এবং অতিরিক্ত দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘পরিবহনমালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’
রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে এর সুফল সর্বাধিক করতে স্টেশন থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাস, হাঁটার পথ, সাইকেল ও অন্যান্য গণপরিবহনের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে। স্টেশনের আশপাশে পরিকল্পিত যাত্রী ওঠানামার স্থান ও নির্ধারিত বাসস্টপেজ স্থাপন করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমবে।
এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও দীর্ঘমেয়াদি পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে যাত্রী চাহিদা, সম্ভাব্য রুট, নির্মাণ ব্যয়, জমি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল ও মনোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে।
গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে বাসের অবস্থান, সম্ভাব্য পৌঁছানোর সময়, ভাড়া ও রুট সম্পর্কে যাত্রীরা সহজে জানতে পারবেন। একইসঙ্গে বাস পরিচালনা ও সেবার মান পর্যবেক্ষণ করা সহজ হবে। রুটভিত্তিক বাস পরিচালনা, নির্ধারিত স্টপেজ, সময়সূচি অনুসরণ এবং চালকদের প্রশিক্ষণ বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
এ ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। ফুটপাত ও বাসস্টপ দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বল্পমেয়াদে বাস চলাচলে শৃঙ্খলা, নির্ধারিত স্টপেজ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে। মধ্যমেয়াদে বাস রুট পুনর্বিন্যাস, বিদ্যুৎচালিত বাসের পরীক্ষামূলক প্রচলন, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের সংযোগ বাড়ানো, নতুন পরিবহন করিডর গড়ে তোলা এবং মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহনমালিক, শ্রমিক, যাত্রী, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উদ্যোগগুলো আরও বাস্তবসম্মত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের এসব বহুমুখী উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে ঢাকা শুধু যানজট নিরসনের ক্ষেত্রেই নয়, বরং আধুনিক, সমন্বিত ও পরিবেশবান্ধব নগর যোগাযোগ ব্যবস্থার একটি মডেল নগরী হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।