পাসপোর্টের মাধ্যমে নয়, ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, খুনি ও হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে না। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে থাকা বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরতে হবে।
কেবল অর্থের জন্য কোনো আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান কোথায়-এমন প্রশ্নও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ স্পষ্টভাবে ভারতকে জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা সবাই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হস্তান্তরের দাবি জানানো হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একইভাবে তাঁকে হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।