নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ নভেম্বর) ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদনটি খারিজ করেন আদালত।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।
সেদিন আইনজীবী ইব্রাহিম খলিল জানিয়েছিলেন, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে জমা দিয়েছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
রিট আবেদনে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন আবদুল হান্নান মাসউদ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৬৪ হাজার ২১ ভোট।