সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, সরকারের মদদে বাজারে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তাদের কারসাজির কারণে সাধারণ মানুষকে পণ্যের বাড়তি দামের বোঝা বহন করতে হচ্ছে।
বক্তারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে বিরোধী জোটের আট দফা দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে দেশ আরও সংকটের মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিজয়নগরে গিয়ে শেষ হয়।
জ/দি