দীর্ঘ এক দশক পর ২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি চলচ্চিত্র ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্সের ব্যানারে তৈরি হবে ‘ভেন্টিলেটর ২’। অভিনেত্রী জানিয়েছেন, ছবিটির পরবর্তী পর্বের কাজ শুরু হয়েছে এবং আগামী বছর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন সিনেমাটিতেও চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে থাকছেন রাজেশ মাপুস্কার। তবে সিক্যুয়েলের গল্পের বিষয়বস্তু কিংবা অভিনয়শিল্পীদের তালিকা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশ করে প্রিয়াঙ্কা তাঁর প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠার পেছনের উদ্দেশ্যের কথাও স্মরণ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে আমি এমন সব গল্প তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেগুলোর বিশেষ অর্থ রয়েছে। আমাদের সংস্থার কাছে ‘ভেন্টিলেটর’ ছিল তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। এক দশক পর আমরা আরও অনেক কিছু নিয়ে সেই গল্পের কাছেই ফিরে আসছি।’
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ভেন্টিলেটর’ চলচ্চিত্রটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পুরস্কারগুলোর মধ্যে ছিল সেরা পরিচালক (রাজেশ মাপুস্কার), সেরা সম্পাদনা এবং সেরা সাউন্ড মিক্সিং।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে কামেরকর পরিবারকে ঘিরে। গণেশ চতুর্থীর ঠিক আগে পরিবারের এক বয়োজ্যেষ্ঠ সদস্যকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলে পরিবারের সদস্যরা সেখানে একত্রিত হন। এই পরিস্থিতিতে তাঁরা যেমন সংকট মোকাবিলা করেন, তেমনি পুরোনো মতবিরোধ ও প্রজন্মগত ব্যবধানের দ্বন্দ্বও সামনে আসে।
ছবিটি মুক্তির পর ‘স্ক্রল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মারাঠি ভাষায় চলচ্চিত্র প্রযোজনার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। তিনি জানান, অনেকেই চিত্রনাট্যটিকে অসাধারণ মনে করলেও এটি প্রযোজনার বিষয়ে তাঁদের সংশয় ছিল। কেউ কেউ তাঁকে মারাঠি ভাষায় সিনেমাটি নির্মাণ না করার পরামর্শ দিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, প্রিয়াঙ্কার প্রথম চলচ্চিত্র ‘ফেরারি কি সওয়ারি’ হিন্দি ভাষার হওয়ায় মারাঠিতে কাজ করলে তাঁর বাজারমূল্য কমে যেতে পারে।
তবে এ বিষয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘আমি নিশ্চিত ছিলাম, এটি হিন্দিতে তৈরি করতে চাই না। অর্থনৈতিক দিক থেকেও মারাঠি ভাষায় চলচ্চিত্র নির্মাণ যুক্তিযুক্ত। কারণ সেখানে ভালো চিত্রনাট্য সমাদৃত হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়।’
‘ভেন্টিলেটর’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আশুতোষ গোয়ারিকর, জিতেন্দ্র যোশি, সুলভা আর্য, বিজু খোটে, সতীশ আলেকর ও অচ্যুত পোতদার।
নতুন সিক্যুয়েলে পুরোনো গল্পের ধারাবাহিকতা কীভাবে তুলে ধরা হবে, তা জানতে এখন নির্মাতাদের পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
জ/দি