ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি এবার জিতেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। জাতীয় পর্যায়ের এই স্বীকৃতির মধ্য দিয়ে শোবিজ অঙ্গনের পরিচিতি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পরে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে পুরো আয়োজনে তৈরি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত মাহির নাম ঘোষণা করা হলে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। এরপর হাসিমুখে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন তানজিয়া জামান মিথিলা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জাও।
অনুষ্ঠানে তারকাদের সাজপোশাকেও ছিল বিশেষ আকর্ষণ। মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের জমকালো মারমেইড গাউন। অফ-শোল্ডার নকশার পোশাকটিতে ছিল ভারী পাথরের কারুকাজ। অন্যদিকে, বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের দৃষ্টিনন্দন গাউন।
জাতীয় পর্যায়ে মুকুট জয়ের পর এবার মাহির সামনে আন্তর্জাতিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হওয়ার কথা ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। সেখানে লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন—যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
অভিনয়ে সাবলীলতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ইতোমধ্যে ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন সামিরা খান মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাফল্যের অপেক্ষায় রয়েছেন দেশের দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা।
জ/দি