আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১১ কারখানায়

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-31T18:51:41+06:00
2026-10-31T18:51:41+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১১ কারখানায়
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
⏲ ৬:৫১ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের কারণে কাঠগড়া ও আশপাশের এলাকার অন্তত ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে কয়েকটি কারখানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় শিল্প পুলিশ।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বেলা ১১টার দিকে অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাঠগড়া এলাকার নাঈম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা প্রথমে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের ওই সদস্য আহত হন।

শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় কাঠগড়া ও আশপাশের এলাকায় নাঈম নীটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে কয়েকটি কারখানায় উৎপাদন চালু রাখার চেষ্টা করেন কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বৃহস্পতিবার সকালে নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে একই দাবিতে নিট এশিয়া ও নিউ এজ গার্মেন্টসের শ্রমিকেরাও কর্মবিরতি পালন করেন। কারখানায় ছুটি ঘোষণার পর কয়েকটি কারখানার শ্রমিকেরা দলবদ্ধ হয়ে অনন্ত গার্মেন্টসের সামনে গিয়ে বিক্ষোভে যোগ দেন।

কাঠগড়া আমতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একটি পোশাক কারখানার কর্মকর্তা জানান, তাঁদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি কারখানা ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত