এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো `eduboardresults.gov.bd` এবং `educationboardresults.gov.bd` ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা এসব ওয়েবসাইটের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও নিজেদের ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি হবে: `HSC DHA 123456 2026`। এটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রত্যাশিত ফল না পেলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।
পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না। পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে হবে।
জ/শা