মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের আলোচনায় উঠে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে প্রদর্শনস্বত্ব বিক্রি করে সিনেমাটি আয় করেছে রেকর্ড ১৭৫ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি প্রদর্শনস্বত্ব বিক্রির ক্ষেত্রে কোনো ভারতীয় সিনেমার জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এর আগে শাহরুখ খানের বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে নতুন সিনেমাটির ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে ভিন্ন একটি প্রতিষ্ঠান। বিদেশি স্বত্বের জন্য ফার্স ফিল্মস ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে সম্মত হয়েছে।
বড় অঙ্কের এই চুক্তির পাশাপাশি সিনেমাটির ব্যবসায়িক লক্ষ্য নিয়েও তৈরি হয়েছে আলোচনা। সাধারণত আন্তর্জাতিক বাজারে বক্স অফিসে টিকিট বিক্রির মোট অর্থের প্রায় ৫০ শতাংশ পান পরিবেশকেরা। সেই হিসাবে বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বিদেশের বাজারে প্রায় ৩৭ থেকে ৪০ কোটি মার্কিন ডলার আয় করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি।
অর্থাৎ শুধু আন্তর্জাতিক বাজারেই বড় অঙ্কের ব্যবসা করতে হবে শাহরুখের নতুন সিনেমাটিকে। এ লক্ষ্য পূরণে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সাফল্য অর্জন করতে হবে ‘কিং’-কে। উল্লেখ্য, শাহরুখ অভিনীত এ দুই সিনেমা বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। এবার ‘কিং’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটিই দেখার বিষয়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ।
তবে সিনেমাটির অন্যতম আকর্ষণ বাবা-মেয়ের একসঙ্গে পর্দায় উপস্থিতি। প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার।
জ/উ