চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-30T07:49:55+06:00
2026-10-30T07:49:55+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৯ এএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম মৃত আবুল কালামের স্ত্রী। তিনি নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন। তিনি পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় বসবাস করছিলেন। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। এদিকে তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তারা ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার ওপর নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়।

ওসি আরও জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন ওসি একরাম উল্লাহ।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত