চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে জাপান যাওয়া আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানও দেশে ফিরে সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। বিশেষ করে জাপানের আবহাওয়া, খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অভিজ্ঞতার কথা জানান মো. তারেক রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। সফরসঙ্গী হিসেবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা যথাযথভাবে সমাধানের পর নিরাপদে দেশে ফিরেছেন বলে জানান তিনি।
জাপানের আবহাওয়া প্রসঙ্গে আমজনতার দলের এই নেতা বলেন, দেশটিতে বেশ শীত ছিল। তবে বাংলাদেশে ফিরে তার কাছে আবহাওয়া বেশ গরম মনে হচ্ছে।
সফরের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে মো. তারেক রহমান বলেন, খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে আগে তার তেমন ধারণা ছিল না। কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ ধরতে হয়, সেটিও জানা ছিল না। সাধারণ বুদ্ধি থেকে তার মনে হয়েছিল, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হবে বলে সেটি ডান হাতে নেওয়াই উচিত। সেই ধারণা থেকেই তিনি ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলেন।
এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভিন্ন পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, যারা বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সফরে তার আরও অনেক অভিজ্ঞতা হয়েছে। পরবর্তী সময়ে সেসব অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নেবেন বলে জানান তিনি।
এর আগে, গত সোমবার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে একই সফরে অংশ নেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
চার দিনের সফর শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন। প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জ/শা