প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-30T13:48:56+06:00
2026-10-30T13:48:56+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৮ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কোনো বিমানে এ ধরনের ঘটনা ঘটলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হয়। প্রচলিত নিয়ম অনুসরণ করেই এবারও একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে থাকবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে ফ্লাইটের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন নির্ধারণ, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা এবং এ ঘটনার কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭-এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক সম্পন্ন হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে বিজি ৩৭৭ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।

ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ, মেরামত কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত