গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্সসংক্রান্ত অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার দুপুরের পর উপজেলার সিকির বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন। অভিযানে সহযোগিতা করেন গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক।
অভিযানে বাংলাদেশ মেডিকেল হলকে নমুনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্স না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, লাইসেন্স নবায়ন না করা ও নমুনা ওষুধ সংরক্ষণের দায়ে হাদিউজ্জামান ফার্মেসিকে জরিমানা করা হয় ৫ হাজার টাকা।
ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ রাখা এবং লাইসেন্সসংক্রান্ত অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জ/উ