বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, অসত্য তথ্য ছড়িয়ে গোলাম পরওয়ারকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। একই সঙ্গে রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দলটি। তবে সম্প্রতি জামায়াতের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, যারা জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা।
তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না।’ এ ধরনের তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
বিবৃতিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের নির্ভুলতা যাচাই করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জ/শা