ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। এরই মধ্যে আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লীতে ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টিকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ভোটকে কেন্দ্র করে পুরো আসনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্ব পালন করছেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে।
পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানিয়েছেন, ভোটাররা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জ/শা