তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলা এবং পরবর্তী সময়ে উত্তেজিত আচরণের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

2026-10-29T07:09:57+06:00
2026-10-29T07:09:57+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:০৯ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলা এবং পরবর্তী সময়ে উত্তেজিত আচরণের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত (এসটিজেডি)-এর শৃঙ্খলা কমিটি। শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।

ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। একপর্যায়ে নিজের হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন তিনি। এ আচরণের কারণে ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়মের আওতায় নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও উত্তেজিত ছিলেন নেইমার। নেস্তরের মুখোমুখি হতে তিনি বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে যান। এতে মাঠে উত্তেজনা আরও বেড়ে যায়।

এ ঘটনায় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে থাকা ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধানের পরিপন্থী।

মূলত বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করে বলার প্রবণতা রোধ করতেই এ প্রটোকল চালু করা হয়েছে। প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার মতো আচরণ এই নিয়মের আওতায় বিবেচিত হতে পারে।

আগের শাস্তির হিসাবের কারণে নেইমারের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী আগে থেকেই এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। এর সঙ্গে নতুন করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের এই তারকা।

এই শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পরও লিগের একটি রাউন্ডে মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাকে আবার দলে পাওয়ার আশা করছেন সান্তোসের কোচ কুকা।

জ/শা


  বিষয়:   নেইমার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত