পরনে শাড়ি, খোলা চুল, মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে মুখ আড়াল করেছেন তিনি। রহস্যময়ী রূপে পর্দায় হাজির হওয়ার অভিজ্ঞতা তার আগেও হয়েছে বহুবার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতেও যেন সেই রহস্যের আবহ ধরে রাখলেন অভিনেত্রী নাজিফা তুষি।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন তুষি। মুখ পাতায় ঢাকা থাকলেও চোখ দেখেই প্রিয় অভিনেত্রীকে চিনে নিয়েছেন ভক্তরা।
ছবিতে তুষিকে দেখা গেছে হালকা কাপড়ের একটি শাড়িতে। কালো, বাদামি ও ধূসর রঙের শেডে শাড়িজুড়ে রয়েছে ফুল ও প্রকৃতিপ্রাণিত বিভিন্ন নকশা। পাড়ে রয়েছে সূক্ষ্ম ও আকর্ষণীয় কারুকাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে সাদা স্ট্রাইপযুক্ত সবুজ ব্লাউজ পরেছেন তিনি। হাতে রয়েছে গাঢ় সবুজ চুড়ি।
ছবিগুলো তোলা হয়েছে কোনো এক উদ্যানে। গাছের ছায়া আর ফুলের সান্নিধ্যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো এক স্নিগ্ধ আবহ তৈরি হয়েছে ছবিগুলোতে। পোস্টের ক্যাপশনে তুষি লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ’।
তুষির এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। একজন মন্তব্য করেছেন, ‘কী চমৎকার নারী’। আরেকজন লিখেছেন, ‘কী স্নিগ্ধ’। অন্য এক ভক্তের মন্তব্য, ‘অনবদ্য তুমি’। তবে ভক্তদের এসব মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।
ঢাকার চলচ্চিত্রে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নাজিফা তুষি। চলতি বছর মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। পাশাপাশি রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ নিয়েও দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।
এ ছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও অভিনয় করছেন তুষি। কাজগুলো ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবিগুলো বাড়তি নজর কেড়েছে।
জ/উ