দীর্ঘ আট বছর পর আবারও র্যাম্পে ফিরেছে ভিক্টোরিয়াস সিক্রেটের আলোচিত ‘ফ্যান্টাসি ব্রা’। এবার এই বিশেষ নকশার ব্রা পরে র্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে সাজানো ব্রাটির দাম ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৭ কোটি টাকার বেশি।
মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরেছে ফ্যান্টাসি ব্রা। প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে নকশা ও অলংকারে বিশেষ আয়োজন করেছে ব্র্যান্ডটি। ব্রাটিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। এর কেন্দ্রস্থলে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের একটি বিরল হলুদ হীরা।
ব্রাটি তৈরি করতে ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। এর ওজন প্রায় চার পাউন্ড। ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের রেকর্ডের তুলনায় এর দাম প্রায় সাড়ে তিন কোটি ডলার বেশি।
র্যাম্পে কাইলি জেনারের পরনে ছিল হালকা কাপড়ের মিনিস্কার্ট, স্বচ্ছ হিল ও সাদা পালকের ডানা। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল হীরাখচিত ব্রাটি।
ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান সৃজনশীল কর্মকর্তা অ্যাডাম সেলম্যান বলেন, এবারের ফ্যাশন শোর অন্যতম লক্ষ্য ছিল ভক্তদের উন্মাদনা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানো। গত বছরের শোতে ফ্যান্টাসি ব্রা ফিরিয়ে আনার দাবি ছিল সবচেয়ে বেশি। সে কারণেই এবার জমকালো আয়োজনে এটি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কাইলি জেনারকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেলম্যান তাঁকে ‘সাংস্কৃতিক শক্তি’ হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, ফ্যাশন, টেলিভিশন ও সৌন্দর্যজগতের বাইরেও কাইলির ব্যাপক প্রভাব রয়েছে।
ব্রাটির অলংকার নির্মাণে কাজ করেছে জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো জানান, এতে সাত ধরনের কাটের হীরা ব্যবহার করা হয়েছে। হীরার উজ্জ্বলতা বাড়াতে প্রয়োগ করা হয়েছে চার ধরনের সেটিং কৌশল।
তবে এত দামি অলংকার তৈরি করাই একমাত্র চ্যালেঞ্জ ছিল না। ব্রাটি যেন কাইলির শরীরের সঙ্গে মানানসই হয় এবং র্যাম্পে হাঁটার সময় চলাফেরায় অসুবিধা না করে, সেটিও নিশ্চিত করতে হয়েছে। নকশাটি মূলত সোনা ও হীরা দিয়ে তৈরি; এতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি। কাইলির শরীরের মাপ নিয়ে একাধিকবার পরীক্ষা ও সমন্বয়ের পর চূড়ান্ত নকশা তৈরি করা হয়।
ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যান্টাসি ব্রার ইতিহাস প্রায় ৩০ বছরের। ১৯৯৬ সালে ক্লডিয়া শিফার এক মিলিয়ন ডলারের প্রথম ফ্যান্টাসি ব্রা পরে প্রচারণায় অংশ নেন। ১৯৯৯ সালে হেইডি ক্লুম পরেন ১০ মিলিয়ন ডলারের ‘মিলেনিয়াম ব্রা’।
২০০০ সালে জিসেল বুন্ডশেনের পরনে ছিল ১৫ মিলিয়ন ডলারের ‘রেড হট ফ্যান্টাসি ব্রা’। সর্বশেষ ২০১৮ সালে এলসা হস্ক পরেছিলেন এক মিলিয়ন ডলারের অ্যাটেলিয়ার স্বরোভস্কি ফ্যান্টাসি ব্রা।
ফ্যাশন দুনিয়ায় ফ্যান্টাসি ব্রা শুধু প্রচারণার আকর্ষণীয় উপকরণ নয়; এটি মূল্যবান রত্নের ব্যবহার ও গয়না নির্মাণের জটিল কারিগরি দক্ষতারও প্রদর্শনী। ভিক্টোরিয়াস সিক্রেটের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজনের উদ্দেশ্য ছিল ভক্তদের প্রত্যাশা পূরণ করা এবং তাঁদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়া। সূত্র: ভোগ
জ/উ