রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মিরনা। ছবিটিতে রজনীকান্তের ছেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীর কাছে সিনেমাটির একটি অভিজ্ঞতা বিশেষ স্মরণীয় হয়ে আছে। বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে কাজ করার সুযোগকে শৈশবের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিকের সঙ্গে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করেন মিরনা। প্রিয় তারকার সঙ্গে একই ফ্রেমে আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘যিনি আমার শৈশবের ক্রাশ, যে নায়ককে দেখে এতদিন মুগ্ধ হয়ে এসেছি-আজ তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অনুভূতি সত্যিই স্বপ্নের মতো অসাধারণ!’
তবে হৃতিক ও মিরনার যৌথ দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণে রাখা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবিতে হৃতিকের উপস্থিতি মূলত অ্যাকশনধর্মী ক্যামিও চরিত্রকে ঘিরে। পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলক কম হলেও রজনীকান্তের সঙ্গে তাঁকে দেখার বিষয়টি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
হৃতিকের অভিনয় ও তারকাখ্যাতির বাইরেও তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন মিরনা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হৃতিকের বিনয়ী, মিষ্টি ও সহজ-সরল আচরণ তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালো লাগা আরও বাড়িয়ে দিয়েছে।
‘জেলার ২’ নিয়ে আলোচনার আরেকটি কারণ রজনীকান্ত ও হৃতিকের পুরোনো যোগসূত্র। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘ভগবান দাদা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক। দীর্ঘ বিরতির পর আবার একই সিনেমায় তাঁদের উপস্থিতি ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।
সিনেমাটিতে মুথুভেল পান্ডিয়ান চরিত্রে রজনীকান্তের প্রত্যাবর্তন অন্যতম আকর্ষণ। এর পাশাপাশি হৃতিকের ক্যামিও এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিরনার স্মৃতিচারণও ছবিটিকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সূত্র: ফিল্মফেয়ার।
জ/উ