চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ছয় বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন তাঁরা। পথে কুমিরা এলাকায় বাসটিতে ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
এ ছাড়া আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ/উ