ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবার সক্ষমতা বাড়িয়ে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে সহজে ও প্রত্যাশিত মানের সেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ফায়ার সার্ভিসের সেবাপ্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি ওই কমিটির সভাপতি হিসেবে সেবার মানোন্নয়ন ও প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়ে কাজ করছেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নাগরিক সুবিধা ও সেবার মানও আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। সিলেট এমন একটি শহর, যার বিপুলসংখ্যক মানুষ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত। তাই এ শহরের নাগরিকদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, আগামী তিন বছর পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের নাগরিকসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে হবে। সিলেটে জনসংখ্যা ও বসতির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক নাগরিকসেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট ও আশপাশের অঞ্চলের লক্ষাধিক মানুষ দেশের বাইরে বসবাস করেন। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকসেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এমন একটি শহরে নাগরিকসেবা কাঙ্ক্ষিত মানে না পৌঁছালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ কারণে আধুনিক ও নিরাপদ নগর গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং নাগরিকসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
জ/উ