বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী জেলা, মহানগর ও অধস্তন ইউনিটগুলো বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পালন করবে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হবে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন।
একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প চালু করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজেদের নির্ধারিত সময়ে এসব আয়োজন করবে।
ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে, ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ।
সংগঠনটির ঘোষিত কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জ/শা