জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এতে বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে সানায়ে তাকাইচি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পথচলাকে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশে গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় জাপান দৃঢ়ভাবে সমর্থন দেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
স্ট্যাটাসে জাপানের প্রধানমন্ত্রী জানান, আজ মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘বিগ-বি’ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই নেতা।
সানায়ে তাকাইচি আরও জানান, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশকে শান্তিপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে জাপান সরকার ও দেশটির জনগণের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশাল বাজার ও অর্থনৈতিক সম্ভাবনার কারণে দেশটি জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
স্ট্যাটাসে তিনি জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে বাংলাদেশ ও জাপান সম্মিলিতভাবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হতে পারে।
স্ট্যাটাসের শেষে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।
জ/উ