পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

কুয়াকাটা প্রতিনিধি

ভ্রমণ

2026-10-21T18:35:45+06:00
2026-10-21T18:35:45+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
ভ্রমণ
পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ
কুয়াকাটা প্রতিনিধি
⏲ ৬:৩৫ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দুর্গাপূজার ছুটি ও পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রসৈকত। কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, কেউ মেতে উঠেছেন হৈ-হুল্লোড়ে। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে অনেককে। সব মিলিয়ে পুরো সৈকতজুড়েই বিরাজ করছে উৎসবের আমেজ।

পর্যটকদের কেউ ইজিবাইক, ওয়াটার বাইক ও মোটরসাইকেলে ঘুরে দেখছেন বিভিন্ন দর্শনীয় স্থান। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রীপাড়া বৌদ্ধবিহার, রাখাইন মার্কেট, তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকি পল্লি, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ আশপাশের পর্যটন স্পটগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকদের আগমনে হোটেল-মোটেলগুলোতে কক্ষ বুকিং বেড়েছে। বিভিন্ন সূত্রের হিসাবে, অধিকাংশ হোটেল-মোটেলের ৭০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। পর্যটকদের আনাগোনা বাড়ায় বেচাকেনা বেড়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও।

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিনের অবকাশ এবং আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটা পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে সেখানে প্রায় চার লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিবার নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ফরিদ উদ্দিন বলেন, পূজার দীর্ঘ ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে তিনি কুয়াকাটায় এসেছেন। সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবাগানসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছেন তাঁরা। সমুদ্রে বড় বড় ঢেউ দেখে বেশ ভালো লেগেছে।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে বাচ্চারা। বালু নিয়ে ওরা খেলায় মেতেছে। এখানকার সমুদ্রের গর্জন এবং প্রাণ-প্রকৃতি সবই ভালো লেগেছে। এবারের ভ্রমণ আমাদের স্মৃতি হয়ে থাকবে।’

পর্যটক সায়মা ও তাঁর স্বামী জানান, সৈকতের ঢেউ, পরিবেশ এবং বিভিন্ন দর্শনীয় স্থান তাঁদের বেশ ভালো লেগেছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। পূজার ছুটি ও পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ইনচার্জ নাজমুল হাসান বলেন, আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটা পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দুর্গাপূজার তিন দিনের ছুটি থাকায় শনিবার পর্যন্ত কুয়াকাটায় ব্যাপকসংখ্যক পর্যটকের অবস্থান থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ, নৌ-পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত