গাজীপুরের কাপাসিয়ায় গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত (২১ অক্টোবর) ১২:৩০ ঘটিকার দিকে কাপাসিয়া থানাধীন বারীষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার এলাকার আমতলী রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বারিষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার সাকিনস্থ আমতলী রোডে জনৈক সলিম উদ্দিনের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে চার ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তবে এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-১.এমদাদুল হক মামুন (৩৬) পিতা-মৃত হানিফ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। ২.কবির হোসেন (৪০) পিতা-আম্বর আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। ৩.সুরুজ মিয়া (৬৫) পিতা-মৃত মোহাম্মদ আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। ৪.সোহরাব বেপারী (৬২) পিতা-মৃত রহম বেপারী, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ৫টি লোহার রড, ১০ ফুট লম্বা নাইলনের রশি, ১টি গামছা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-১৩১০) জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং-৩১, জি আর নং-৩২৭) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালত গাজীপুরে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।