গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বরইভিটা, শুক্তগ্রাম, দহিসারা ও রাজপাটসহ বিভিন্ন গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে অসীম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু ব্যবসা চালিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের আশঙ্কা, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় ভূমিধসের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে বসতবাড়ি ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে তাঁদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আজ বুধবার সরেজমিনে উপজেলার বরইভিটা গ্রামে গিয়ে দেখা যায়, বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ির সামনে অসীম নামে ওই ব্যক্তি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন।
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণ জানতে মুঠোফোনে অসীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এলাকায় নতুন না যে আমাকে কারও অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো, আপনারা পারলে ঠেকাবেন।”
এ বিষয়ে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনকারী অসীমের বিরুদ্ধে আগেও অভিযোগ পাওয়া গেছে। তিনি অত্যন্ত চতুর ব্যক্তি। তবে তাঁকে ড্রেজার মেশিনসহ হাতেনাতে আটকের চেষ্টা চলছে।
জ/উ