নেপালে বৃষ্টি-বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

জবাবদিহি ডেস্ক

ভ্রমণ

2026-09-28T08:44:17+06:00
2026-09-28T08:44:17+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
নেপালে বৃষ্টি-বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম 
সংগৃহীত ছবি
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল রোববার রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ সতর্কবার্তা দেয়। এতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও আশপাশের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও এর আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেছে দূতাবাস। মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এসব সড়কে যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।

দূতাবাসের পরামর্শ অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনার আগে সর্বশেষ তথ্য যাচাই করতে হবে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]