বিদেশি পর্যটক বাড়াতে সহজ ভিসার প্রস্তাব সংসদীয় কমিটির

জবাবদিহি ডেস্ক

ভ্রমণ

2026-10-03T18:39:58+06:00
2026-10-03T18:39:58+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
ভ্রমণ
বিদেশি পর্যটক বাড়াতে সহজ ভিসার প্রস্তাব সংসদীয় কমিটির
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৩৯ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের পর্যটন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও অংশীজনদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে শুধু আলোচনা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও বাস্তব পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটনকে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। বাংলাদেশেও পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। এরপর তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার জন্য পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন সংসদীয় কমিটির সভাপতি। তিনি বলেন, মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের মতো পর্যটনকেন্দ্র বাংলাদেশেও গড়ে তোলা সম্ভব। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং পর্যটন খাতের অংশীজনদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দেন আবুল কালাম আজাদ সিদ্দিকী।

তিনি আরও বলেন, পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি অংশীজন ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামো, সেবা ও ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার উদ্যোগও বাড়াতে হবে।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সংসদীয় কমিটিও সহযোগিতা করবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত