নেটফ্লিক্সে বড় রদবদল, চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-21T19:11:53+06:00
2026-10-21T19:11:53+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
নেটফ্লিক্সে বড় রদবদল, চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
বিনোদন ডেস্ক
⏲ ৭:১১ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলছে বড় ধরনের পুনর্গঠন ও নেতৃত্বে রদবদল। ব্যাপক কর্মী ছাঁটাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিষ্ঠানটির চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রায় তিন বছরের মাথায় অভিজ্ঞ এই চলচ্চিত্র প্রযোজকের বিদায় নেটফ্লিক্সের চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।

বিনোদনবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে ড্যান লিনের বিদায়ের খবর জানানো হয়েছে। সূত্রগুলোর দাবি, সপ্তাহান্তের শুরুতে আকস্মিকভাবে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে সোমবার দিনভর দলের সহকর্মীদের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে নেটফ্লিক্সে বড় পরিসরে কর্মী ছাঁটাই করা হয়। এতে প্রায় এক হাজার কর্মী চাকরি হারান। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে বরখাস্ত করার বিষয়টিও আলোচনায় আসে। ধারাবাহিক এসব পরিবর্তনের মধ্যে ড্যান লিনের বিদায়কে প্রতিষ্ঠানটির সাংগঠনিক পুনর্গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে ড্যান লিনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স। আগামী কয়েক দিনের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র বিভাগের সাবেক প্রধান মাইক ডি লুকা ও পাম অ্যাবডির নেটফ্লিক্সে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২৪ সালে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব নেন ড্যান লিন। এর আগে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাইডব্যাকের নেতৃত্বে ছিলেন। ‘লেগো’ চলচ্চিত্র সিরিজ, স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইট’ এবং ‘শার্লক হোমস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করে।

নেটফ্লিক্সে দায়িত্ব পালনকালে ড্যান লিন ৮৮টি চলচ্চিত্রের অনুমোদন দিয়েছেন অথবা সেগুলোর স্বত্ব সংগ্রহ করেছেন বলে গত জুনে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন। তাঁর দায়িত্বকালে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘এপেক্স’, ‘এমিলিয়া পেরেজ’, ‘হিয়ার কামস দ্য ফ্লাড’ এবং ‘দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’।

এদিকে ড্যান লিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক এই পরিবর্তন চলচ্চিত্র বিভাগের নেতৃত্ব, কনটেন্ট নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কী প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের। সূত্র: ভ্যারাইটি ও নিউইয়র্ক টাইমস

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত