জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গ (Bongo) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির ‘চ্যাপ্টার ১৬’। নতুন এই অধ্যায়ে রয়েছে ১২১ থেকে ১২৮ নম্বর পর্ব।
নতুন চ্যাপ্টার প্রকাশের আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। বিশেষ করে নির্মাতা কাজল আরেফিন অমির ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘পাশা ভাইয়ের জীবনে প্রেম দরকার।’
এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন-ব্যাচেলর ফ্ল্যাটের রাগী স্বভাবের চিরকুমার পাশা ভাইয়ের জীবনে কি সত্যিই প্রেম আসতে চলেছে? নতুন অধ্যায়ের পর্বগুলো প্রকাশের মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।
তবে এবারের পর্বগুলোতে শুধু প্রেমের গল্পই নয়, থাকছে আরও চমক। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, চ্যাপ্টারের শেষ দিকে রয়েছে জমজমাট অ্যাকশন দৃশ্য। ফলে পাশা ভাইয়ের জীবনে রোমান্টিক পরিবর্তনের সম্ভাবনার পাশাপাশি শেষ মুহূর্তের টানটান উত্তেজনাও দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
দর্শকদের আগ্রহ ও ধারাবাহিকটির জনপ্রিয়তা বিবেচনায় ‘চ্যাপ্টার ১৬’ তৈরি করা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বিশেষ সম্প্রসারণ হিসেবে।
বঙ্গ থেকে যাঁরা ইতোমধ্যে ‘এইচ৫ সিজন পাস’ কিনেছেন, তাঁদের নতুন অধ্যায়টি দেখতে আলাদা কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তাঁদের জন্য পর্বগুলো দেখা যাবে বিনা মূল্যে। অন্য দর্শকদের জন্যও শুধু নতুন চ্যাপ্টার দেখার পৃথক সাবস্ক্রিপশন প্যাক রয়েছে।
পাশা ভাইয়ের জীবনে প্রেমের সম্ভাবনা, শেষদিকে অ্যাকশনের উত্তেজনা আর ব্যাচেলরদের চেনা হাস্যরস-সব মিলিয়ে ‘চ্যাপ্টার ১৬’ ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। নতুন পর্বগুলো দেখা যাবে বঙ্গের অ্যাপ ও ওয়েবসাইটে।
জ/উ