বন্ধুত্ব মানেই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর জীবনের নতুন অধ্যায়। সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যান, আবার জীবনের নানা বাঁকে যুক্ত হন নতুন মানুষ। তবে নতুন বন্ধুত্বের আনন্দের পাশাপাশি পুরোনো সম্পর্কের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। নতুন বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা নিয়ে দিনটি পালনের সুযোগ এসেছে।
বন্ধুত্ব মানুষের জীবনের এক চলমান অধ্যায়। পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে ওঠা সম্পর্ক সময়ের সঙ্গে ভৌগোলিক দূরত্বে ছড়িয়ে পড়তে পারে। জীবনের প্রয়োজনে বন্ধুরা চলে যান ভিন্ন ভিন্ন পথে, তৈরি হয় নতুন বন্ধুত্ব। তবু আন্তরিকতা থাকলে পুরোনো সম্পর্কের বন্ধনও অটুট থাকে।
ইংরেজিতে একটি প্রচলিত গানের পঙ্ক্তির বাংলা অর্থ হলো, ‘নতুন বন্ধু তৈরি করুন, তবে পুরোনো বন্ধুদেরও ধরে রাখুন। একজন রুপার মতো, অন্যজন সোনার মতো।’ কথাটির মধ্যেই ফুটে ওঠে বন্ধুত্বের মূল্য। নতুন একজন বন্ধু জীবনে নতুন অভিজ্ঞতা, ভাবনা ও অনুভূতির দরজা খুলে দিতে পারেন। প্রতিটি নতুন সম্পর্কই হতে পারে পরিচিত পৃথিবীর বাইরে অন্য এক জগৎকে জানার সুযোগ।
তবে নতুন বন্ধুত্বের ক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে অনেকে সহজে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন না। দীর্ঘদিনের পরিচয়, আচরণ পর্যবেক্ষণ ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে তাঁরা নতুন সম্পর্ক গড়ে তোলেন।
হলিডে ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে নতুন বন্ধু দিবসের আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। ২০০৭ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। পরবর্তী সময়ে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আরও জনপ্রিয়তা লাভ করে।
দিবসটি উপলক্ষে নতুন কোনো বন্ধুর সঙ্গে সময় কাটানো, নতুন পরিচয়কে বন্ধুত্বে রূপ দেওয়া কিংবা কাউকে নিজের বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। একই সঙ্গে পুরোনো বন্ধুদের খোঁজ নেওয়া, তাঁদের সঙ্গে স্মৃতি ভাগাভাগি করা এবং সম্পর্কের প্রতি যত্নশীল হওয়াও হতে পারে দিনটি উদ্যাপনের অংশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তির প্রসারে বর্তমানে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বেড়েছে। প্রতিদিনই নানা মাধ্যমে তৈরি হচ্ছে নতুন সম্পর্ক। তবে বন্ধুত্বের প্রকৃত সৌন্দর্য শুধু পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আন্তরিকতা ও বিপদে পাশে থাকার মধ্যেই এর গভীরতা প্রকাশ পায়।
নতুন বন্ধু দিবস তাই কেবল নতুন সম্পর্ক গড়ে তোলার উপলক্ষ নয়, পুরোনো বন্ধুত্বের মূল্য উপলব্ধি করারও একটি দিন। নতুন মানুষের জন্য বন্ধুত্বের দরজা খোলা থাকুক, পাশাপাশি ভালোবাসা ও যত্নে অটুট থাকুক পুরোনো সম্পর্কগুলোও।
জ/শা