বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের খন্দকার বাড়িতে সংসদ সদস্য আবুল হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসমাগমে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য আবুল হোসেন খান ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ফাহাত খন্দকারের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি ফাহাত খন্দকারকে ইউনিয়নের যোগ্য নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাহাত খন্দকার কলসকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে জনগণের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান দক্ষিণ সাদিস খন্দকার বাড়ি থেকে মুইনখালি বাজার পর্যন্ত ফাহাত খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মাণাধীন একটি সড়কের কাজের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি খন্দকার আব্দুল গফুর কারিমিয়া কওমি মাদ্রাসারও উদ্বোধন করেন।
স্থানীয়দের মতে, সড়কটির নির্মাণকাজ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মাদ্রাসাটির কার্যক্রম ধর্মীয় শিক্ষার প্রসারে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জ/উ