ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও হোদেইদা, তায়েজ, আমরান, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, আল-দালি ও মারিব প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে।
হুথিদের এই সামরিক মুখপাত্র আরও দাবি করেন, হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে পৌঁছেছে।
তবে হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্যের উল্লেখ সংশ্লিষ্ট বিবৃতিতে পাওয়া যায়নি। ফলে হুথিদের দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। সূত্র: মিডল ইস্ট আই
জ/শা