রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবার তার জায়গায় দেখা যাবে জয়া আহসানকে।
এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান। বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসার অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো আয়োজনে এবারই প্রথম বিচারক হিসেবে অংশ নিচ্ছেন তিনি।
ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’
নবম সিজনে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্বে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতাটির নিবন্ধনপ্রক্রিয়া। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এবারের আসরের বিজয়ীর জন্য থাকছে ১৫ লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
এদিকে, মা হতে যাচ্ছেন পূর্ণিমা-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। গত শুক্রবার একটি রিয়েলিটি শোতে অংশ নেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানের একটি ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয় এ আলোচনা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।
জ/উ