মাত্র ১৯ বছর বয়সেই ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। ক্লাবের হয়ে রাইট উইংয়ে খেলা, বাঁ পায়ের দক্ষতা-বিভিন্ন মিলের কারণে তার সঙ্গে প্রায়ই তুলনা করা হচ্ছে লিওনেল মেসির। তবে এই তুলনায় আপত্তি জানিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিকে। তার মতে, ইয়ামালের উচিত অন্য কারও সঙ্গে তুলনায় না গিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা।
বার্সেলোনায় মেসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এনরিকে। তার অধীনেই মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের সমন্বয়ে গড়ে উঠেছিল দুর্দান্ত আক্রমণভাগ। সেই অভিজ্ঞতা থেকে মেসির সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন ৫৬ বছর বয়সী এই কোচ। সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে বিবেচনা করেন তিনি। তাই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে অন্য কোনো খেলোয়াড়ের তুলনাকে যথাযথ মনে করেন না এনরিকে।
বর্তমান মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। গত মৌসুমের ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ১১ ম্যাচে করেছেন ৯ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি গোল। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ইয়ামালকে দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখছে কাতালান ক্লাবটি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এনরিকে। তিনি বলেন, ‘আমার মনে হয়, লামিন একটা কাজ খুব ভালো করছে। সে লামিন ইয়ামালই হতে চায়। সে খেলার নানা দিকে উন্নতি করছে। সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে অন্য কাউকে তুলনা করলে কেউই জিতবে না।’
তরুণ এই স্প্যানিশ তারকার নিজস্ব পরিচয় গড়ে তোলার ওপরও জোর দেন পিএসজি কোচ। তার ভাষায়, ‘লামিন নিজের সেরা রূপটা হতে চায়। অন্যের সঙ্গে নিজেকে না মেলানোই ভালো। সে খুব বুদ্ধিমান।’
তবে ইয়ামালের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই এনরিকের। বরং বার্সেলোনার আক্রমণভাগে তাকে বড় হুমকি হিসেবেই দেখছেন তিনি। ইয়ামালকে কার্যকরভাবে আটকে রাখার কৌশল হিসেবে বার্সেলোনার বল দখলের সুযোগ কমিয়ে দেওয়ার কথা বলেছেন পিএসজি কোচ।
এনরিকে বলেন, ‘খুব সহজ। ওকে বল পেতে দেওয়া যাবে না। কারণ বল পেলেই বিপদ। লামিনকে আটকানোর সেরা উপায় হলো বার্সেলোনাকে বলই না পেতে দেওয়া। আমাদের জন্য এটাই আদর্শ অবস্থা। কিন্তু তা হবে না। কারণ বার্সেলোনার বিপক্ষে খেলা কতটা কঠিন, আমরা জানি।’
বার্সেলোনার মতো শক্তিশালী দলের বিপক্ষে শুধু ইয়ামালকে আটকানোর পরিকল্পনা যথেষ্ট নয় বলেও মনে করেন এনরিকে। তার মতে, প্রতিপক্ষের পুরো দলেই রয়েছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড়। তাই পিএসজিকে দলগতভাবে রক্ষণ সামলাতে হবে এবং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে খেলতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি ওদের দলে অসাধারণ মানের খেলোয়াড় আছে। শুধু লামিন নয়। রাফিনিয়া, পেদ্রি, কুবার্সি, হোয়ান গার্সিয়া-অনেকেই আছে। আমরা মনোযোগী ও সতর্ক থাকব। ওকে আমাদের দল হিসেবেই হারাতে হবে।’
মেসির সঙ্গে তুলনা নিয়ে আপত্তি থাকলেও ইয়ামালের প্রতিভা ও উন্নতির প্রশংসা করেছেন এনরিকে। এখন চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার এই তরুণ তারকাকে কীভাবে সামলাতে পারে পিএসজি, সেটিই দেখার বিষয়।
জ/উ