মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। বাহকের মাধ্যমে এসব তথ্যের হার্ডকপি দুই সেট পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ জন্য বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই-এ মর্মে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে চাকরি সন্তোষজনকভাবে সম্পাদনের বিষয়েও প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জ/উ