সাধারণ গলা ব্যথা থেকেই হতে পারে হার্টের রোগ, এই ৫ লক্ষণ চিনে রাখুন

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-11-21T18:29:39+06:00
2026-11-21T18:29:39+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
লাইফ স্টাইল
সাধারণ গলা ব্যথা থেকেই হতে পারে হার্টের রোগ, এই ৫ লক্ষণ চিনে রাখুন
লাইফস্টাইল ডেস্ক
⏲ ৬:২৯ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
শীতকালে গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়া, জ্বর কিংবা ঢোক গিলতে কষ্ট হওয়া খুবই পরিচিত সমস্যা। অনেক সময় কয়েক দিন ওষুধ খাওয়ার পর এসব উপসর্গ সেরেও যায়। কিন্তু গলা ব্যথা ভালো হওয়ার দুই থেকে চার সপ্তাহ পর যদি হঠাৎ গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কারণ, এটি হতে পারে রিউম্যাটিক ফিভারের লক্ষণ। সময়মতো চিকিৎসা না হলে এ রোগে হার্টের ভাল্‌ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারতীয় চিকিৎসক এসএ মল্লিকের মতে, রিউম্যাটিক ফিভারের কারণে শুধু গাঁটেই সমস্যা হয় না, হৃদ্‌যন্ত্রেও মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই গলা ব্যথার পর নতুন করে জ্বর, গাঁটে ব্যথা কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

কেন হয় রিউম্যাটিক ফিভার?

রিউম্যাটিক ফিভারের পেছনে রয়েছে গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস পায়োজিনেস নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে গলায় প্রদাহ, টনসিল ফুলে যাওয়া, গলায় পুঁজ জমা এবং গলার পাশের লসিকাগ্রন্থি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।

এ ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কখনো কখনো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষকেও আক্রমণ করে। একে বলা হয় অটোইমিউন প্রতিক্রিয়া। এর ফলেই রিউম্যাটিক ফিভার হতে পারে। সাধারণত গলার সংক্রমণের কয়েক সপ্তাহ পর এ রোগের লক্ষণ প্রকাশ পায়।

রিউম্যাটিক ফিভারের ৫টি লক্ষণ

১. এক গাঁট থেকে অন্য গাঁটে ব্যথা ছড়িয়ে পড়া
রিউম্যাটিক ফিভারের অন্যতম প্রধান লক্ষণ হলো মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। এ ক্ষেত্রে ব্যথা একটি গাঁটে স্থায়ী থাকে না। আজ হাঁটুতে ব্যথা হলে পরদিন গোড়ালি, কনুই কিংবা কাঁধে ব্যথা শুরু হতে পারে। সাধারণত শরীরের বড় গাঁটগুলো আক্রান্ত হয়। গাঁট ফুলে যেতে পারে, লাল হয়ে যায় এবং স্পর্শ করলেই তীব্র ব্যথা অনুভূত হয়।

২. হৃদ্‌যন্ত্রে প্রদাহ বা কার্ডাইটিস
রিউম্যাটিক ফিভারের সবচেয়ে বিপজ্জনক জটিলতা হলো হৃদ্‌যন্ত্রে প্রদাহ। এতে হার্টের ভাল্‌ভ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগ তৈরি হতে পারে। বুক ধড়ফড় করা, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

৩. হাত-পায়ের অনিয়ন্ত্রিত নড়াচড়া
এ সমস্যাকে বলা হয় সিডেনহ্যামস কোরিয়া। এতে হাত-পা বা শরীরের বিভিন্ন অংশে অনিচ্ছাকৃত কাঁপুনি কিংবা নড়াচড়া দেখা যায়। শিশুদের মধ্যে এ লক্ষণ তুলনামূলক বেশি দেখা যায়।

৪. ত্বকের নিচে শক্ত গুটি
এ ধরনের লক্ষণকে বলা হয় সাবকিউটেনিয়াস নোডিউলস। এতে কনুই, হাঁটু কিংবা গোড়ালির আশপাশে ত্বকের নিচে ছোট ছোট শক্ত গুটি অনুভূত হতে পারে। সাধারণত এসব গুটিতে ব্যথা থাকে না।

৫. ত্বকে বিশেষ ধরনের লালচে দাগ
এরিথিমা মার্জিনেটাম নামের এ লক্ষণে ত্বকে গোলাকার বা আঁকাবাঁকা লালচে দাগ দেখা যায়। দাগের কিনারা লাল হলেও মাঝখানের অংশ তুলনামূলক ফ্যাকাশে থাকে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
গলা ব্যথা বা টনসিলের সংক্রমণের দুই থেকে চার সপ্তাহের মধ্যে আবার জ্বর আসা, এক গাঁট থেকে অন্য গাঁটে ব্যথা ছড়িয়ে পড়া, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট কিংবা হাত-পায়ে অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখা দিলে অবহেলা করবেন না।

এসব উপসর্গ দেখা দিলে নিজে থেকে ব্যথার ওষুধ খেয়ে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিশ্চিত করবেন এটি রিউম্যাটিক ফিভার কি না এবং হৃদ্‌যন্ত্রে কোনো জটিলতা তৈরি হয়েছে কি না।

যেভাবে প্রতিরোধ করবেন
গলা ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে কিংবা টনসিলে পুঁজ জমলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। ব্যাকটেরিয়াজনিত গলার সংক্রমণ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। নির্ধারিত চিকিৎসার মেয়াদ শেষ হওয়ার আগেই ওষুধ বন্ধ করা যাবে না।

শিশু ও কিশোরদের মধ্যে রিউম্যাটিক ফিভারের ঝুঁকি বেশি। তাই তাদের গলা ব্যথা বা টনসিলের সংক্রমণের পর গাঁটে ব্যথা, জ্বর কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

সাধারণ গলা ব্যথা আর রিউম্যাটিক ফিভার এক বিষয় নয়। তবে গলার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের যথাযথ চিকিৎসা না হলে এ রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সময়মতো শনাক্ত ও চিকিৎসা করা গেলে জটিলতা প্রতিরোধ সম্ভব। অন্যথায় হার্টের ভাল্‌ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগের কারণ হতে পারে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত