বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নিজের নামের পাশে স্বামী আদনানের নাম যুক্ত করেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাম অপরিবর্তিত রাখার কারণ, বিয়ের খরচ এবং বর্তমান সংসারজীবন নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন তিনি।
মেহজাবীন জানান, বিয়ের পর নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কৌতূহল থাকলেও স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয়ে কখনো আলোচনা হয়নি। নিজের বর্তমান নামটি তার পছন্দের। দর্শকরাও এই নামেই তাকে চেনেন। পাশাপাশি নাম বদলালে পাসপোর্টসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র সংশোধনের ঝামেলা এড়াতেও চেয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’
বিয়ের আয়োজনের ব্যয় নিয়েও এখনো আলোচনা চলছে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, বাইরে থেকে অনুষ্ঠানটি যতটা ব্যয়বহুল মনে হয়েছে, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম। বিয়েতে ঠিক কত টাকা ব্যয় হয়েছে, সেই হিসাব নিজেও জানেন না বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আয়োজনের খরচ কমেছে। অনুষ্ঠানে তারকা বন্ধুরা অংশ নিয়েছেন, সংগীতশিল্পীরাও গান গেয়েছেন। সহকর্মীদের এমন ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’
সংসারজীবন নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন মেহজাবীন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ২০১২ সাল থেকেই তার পরিচয়। নতুন বাসায় ওঠার পরিবর্তন ছাড়া পরিবারের কাউকেই কখনো পর মনে হয়নি বলে জানান তিনি। বরং বিয়ের পর আগের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। স্বামী আদনানের বোনদেরও নিজের কাছের বন্ধু ও পরিবারের অংশ হিসেবে দেখেন এই অভিনেত্রী।
জ/দি