আসন্ন রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ানো হচ্ছে ৭০টি। এতে নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।
রমজান এলেই ভোজ্যতেল, ছোলা, চিনি, ডাল ও খেজুরের চাহিদা বেড়ে যায়। বাজারে এসব পণ্যের দাম বেশি থাকায় স্বল্প আয়ের অনেক মানুষ সাশ্রয়ী দামে পণ্য কিনতে টিসিবির ওপর নির্ভর করেন। প্রতিবছর রমজান শুরুর আগে এসব পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে সংস্থাটি।
এবারও পণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি করা হয়েছে। ভোজ্যতেল, চিনি, ডাল ও খেজুর আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকেও সংগ্রহ করা হয়েছে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিন ঢাকায় ৬৫টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। চট্টগ্রামে থাকবে ৩০টি ট্রাক। এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১৫টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। এ কার্যক্রম চলবে ২০ দিন। সবাই এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। তবে পণ্যের দাম এখনও নির্ধারণ করেনি টিসিবি।
কম দামে পণ্য বিক্রির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। তবে এ কার্যক্রমের সুফল যেন প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি সারা বছর ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে টিসিবির পণ্য কেনার সুযোগ পাবেন।
জ/দি