আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পা রাখছেন তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। পরিবারে তাঁর ডাক নাম পিনু; তারেক জিয়া নামেও তিনি পরিচিত।
কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন - প্রথমে আইন বিভাগে, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৮১ সালে মাত্র ১৫ বছর বয়সে পিতা জিয়াউর রহমানকে হারান তারেক রহমান। কিশোর বয়সে পড়াশোনার পাশাপাশি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে মা খালেদা জিয়ার সহচর হিসেবে অংশ নেন তিনি।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পিতার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০১ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করলেও চেয়ারপারসনের ছেলে হয়েও এবং তৃণমূল থেকে ব্যাপক সমর্থন পাওয়া সত্ত্বেও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্যপদ গ্রহণ করেননি। পরিবর্তে দলের তৃণমূলের ক্ষমতায়নে মনোনিবেশ করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব লাভ করেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটান তিনি। লন্ডনে অবস্থানকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মা খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তিনি লন্ডন থেকে দল পরিচালনা করেন।
প্রবাসে থাকা অবস্থায় ২০২২ সালের ১৯ ডিসেম্বর তিনি রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা ঘোষণা করেন। সমমনা দলগুলোর পরামর্শ যুক্ত হয়ে ২০২৩ সালের জুলাইয়ে তা বিএনপির ৩১ দফা রূপরেখায় পরিণত হয়।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ - দুটি আসনেই জয়ী হন। মায়ের মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।সরকারি আদেশ দেখুন
ব্যক্তিগত জীবনে ১৯৯৪ সালে চিকিৎসক জোবাইদা রহমানকে বিয়ে করেন তারেক রহমান। জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। তাঁদের একমাত্র কন্যা জাইমা রহমান পেশায় ব্যারিস্টার।
জন্মদিন উপলক্ষে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুভেচ্ছা জানানো হয়েছে। বর্তমানে ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কারের কাজ করছে তাঁর সরকার।