দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর মনে হয়েছিল, তাঁরা এমন একটি গাড়িতে বসে আছেন, যেটি সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। তবে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বুঝতে হবে সামনে একটি প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব অপেক্ষা করছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এবং গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞানভিত্তিক হতে হবে। বাংলাদেশে অর্থবহ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
কারিগরি শিক্ষার উন্নয়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জাতি ক্ষতিগ্রস্ত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হবে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নিয়ে তিনি বলেন, পাকা ইটের সলিং করা রাস্তায় হেঁটে তাঁর ভালো লাগেনি। এর পরিবর্তে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে পারলে ভালো লাগত। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাস্তাগুলো সলিং করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ কাজে খুব বেশি দেরি হবে না বলেও আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস খুবই ছোট। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে তিনি বিভাগীয় কমিশনারকে জানিয়ে গেছেন।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
জ/দি