‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে ২০২৮ সালের মধ্যে নিয়ম তৈরিতে একমত ১২৮ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-21T18:34:41+06:00
2026-11-21T18:35:27+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে ২০২৮ সালের মধ্যে নিয়ম তৈরিতে একমত ১২৮ দেশ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:৩৪ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- এআই নির্মিত
Advertisement
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে সম্ভাব্য আন্তর্জাতিক চুক্তির নিয়মকানুন প্রণয়নে একমত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নির্দিষ্ট কিছু প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশন (সিসিডব্লিউ)-এর সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা দ্রুত প্রণয়নের দাবিতে প্রায় ১০০টি দেশ উদ্যোগ নেওয়ার পর এ সমঝোতা হলো।

‘কিলার রোবট’ বলতে এমন স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থাকে বোঝায়, যেগুলো মানুষের সরাসরি সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন এবং প্রাণঘাতী হামলা চালাতে পারে। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো অস্ত্র উৎপাদনকারী দেশগুলো নতুন বিধিমালা দ্রুত গ্রহণের উদ্যোগের বিরোধিতা করেছে। সিসিডব্লিউর অধীনে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যরাষ্ট্রের সম্মতি প্রয়োজন।

কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়। চূড়ান্ত সিদ্ধান্তের ভাষা নির্ধারণে রাতভর আলোচনা চলে।

সম্মেলনে সভাপতিত্বকারী সুইজারল্যান্ডের কূটনীতিক জুলিয়েন থোয়েনি জানান, কয়েকটি দেশ চুক্তি নিয়ে সরাসরি ‘আলোচনা’ বা ‘নেগোশিয়েশন’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছে। এ কারণে চূড়ান্ত নথিতে আলোচনার পরিবর্তে একটি আন্তর্জাতিক দলিল ‘প্রণয়নের’ কথা উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাঁর মতে, গভীর বিভক্তির বর্তমান বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি বাস্তব ফল বয়ে আনতে পারে।

তবে এ সমঝোতায় হতাশা প্রকাশ করেছে স্বয়ংক্রিয় অস্ত্রের বিরোধিতাকারী ৩০০টি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরির কোনো সুস্পষ্ট পথ এতে রাখা হয়নি।

যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে এআইনির্ভর অস্ত্র ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চুক্তি করতে দেরি হলে বেসামরিক মানুষ ও মানবজাতি ঝুঁকির মুখে পড়বে।

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সিদ্ধান্তটিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, নতুন নিয়ম প্রণয়নে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হলেও প্রযুক্তির অগ্রগতি থেমে নেই। সূত্র: আল-জাজিরা

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত