ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে কলেজের উত্তর হল ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করেন শিক্ষার্থীরা।
আটক ব্যক্তিরা হলেন আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)।
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক ব্যক্তিদের কাছ থেকে আর কোনো কিছু উদ্ধার করা যায়নি।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামে একজন আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমান ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শুক্রবার রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
জ/দি