প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস, বীরত্ব ও শৌর্যের প্রতীক। তবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা রুখে দিয়েছিল। তাঁর অভিযোগ, ওই দিনের ‘পরাজিত অপশক্তি’ মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল। ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে কী পরিণতি ভোগ করতে হয়েছিল, তা দেশবাসীর জানা বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। আর ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর গড়ে ওঠার ইতিহাস একই সূত্রে গাঁথা বলেও উল্লেখ করেন তিনি।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহের ঘোষণা দেন। পরে তিনি রেজিমেন্টে ফিরে বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের একত্র করেন এবং ওই রাতেই সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন।
মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, তাঁর মা জীবনের বেশির ভাগ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
তারেক রহমান আরও বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর যে অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন, সেটিই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান। এ সময় মায়ের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।
জ/দি