প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-19T16:36:34+06:00
2026-11-19T16:36:34+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করাই মূল উদ্দেশ্য।

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রমগুলো আরও যৌক্তিক, সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি অংশের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা স্পষ্ট থাকা জরুরি। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না করে সমন্বিতভাবে ও কার্যকর পদ্ধতিতে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কর্মসূচির অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রিমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন।

আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের আলোকে শিক্ষার্থীদের শিখনফল বাড়াতে কার্যকর ও ব্যয় সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্বব্যাংক আগ্রহী বলেও প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত