ঢাবির শীর্ষ ৬২ গবেষকের একজন হোসেন শেখর শকৃবির প্রথম উপাচার্য

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-10T02:00:04+06:00
2026-09-10T02:00:04+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
ঢাবির শীর্ষ ৬২ গবেষকের একজন হোসেন শেখর শকৃবির প্রথম উপাচার্য
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ৬২ গবেষকের একজন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নিয়োগ পেয়েছেন শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (শকৃবি) প্রথম উপাচার্য হিসেবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ (সংশোধিত-২০২৫)-এর ১৯(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে।

এ নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো উপাচার্য পেল শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ল অধ্যাপক শেখরের ওপর।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ, এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ৬২ জন অধ্যাপককে সংবর্ধনা দেয়। তাদের মধ্যে রয়েছেন তিনিও। গবেষণায় তার ২ হাজার ৯১৭টি সাইটেশন রয়েছে।

জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক শেখর। পরে টোকিওর ইউনাইটেড ন্যাশন্স ইউনিভার্সিটিতে সম্পন্ন করেন পোস্ট-ডক্টরাল গবেষণা। টোকিওতে অবস্থানকালে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইয়োশিনোরি ওসুমির সঙ্গে গবেষণায় কাজ করেন তিনি।

দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে অধ্যাপক শেখরের ১১০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে বৈজ্ঞানিক জার্নাল ‘বায়োরিসার্স কমিউনিকেশন্স’-এর প্রধান সম্পাদক তিনি। এ ছাড়াও ‘প্লস ওয়ান’, ‘ফ্রন্টিয়ারস ইন মলিকুলার বায়োসায়েন্সেস’, ‘বায়োমেড রিসার্চ ইন্টারন্যাশনাল’ ও স্প্রিঞ্জারের ‘ডিসকভার টক্সিকোলজি’সহ বিভিন্ন জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য।

বর্তমানে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টারি কনজ্যুমারস ট্রেইনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) সভাপতি এবং বাংলাদেশের প্রাণরসায়ন ও অণুজীববিদদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি খাদ্য ও কৃষি সংস্থার গ্লোবাল ফোরাম অন ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশনের সক্রিয় সদস্য।

গবেষণার পাশাপাশি অধ্যাপক শেখর লেখালেখির সঙ্গেও যুক্ত। তিনি ‘ফাংশনাল ফুডস ফ্রম বাংলাদেশ’ নামে একটি ইংরেজি বই লিখেছেন। এ ছাড়া স্প্রিঞ্জার থেকে প্রকাশিত ‘বায়োটেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ইন হেলথোমিক্স’ বইটি সম্পাদনা করেছেন যৌথভাবে।





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]