অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন তিনি। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানান অভিনেত্রী। ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন এলিনা। ছবিতে তার মাথাজুড়ে ব্যান্ডেজ দেখা যায়। তিনি জানান, কপাল ও মাথার দুটি স্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবারের পোস্টে দুর্ঘটনার বর্ণনা দিয়ে এলিনা শাম্মী বলেন, বৃহস্পতিবার তার সাজ্জাদ সুমন পরিচালিত ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল। শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বুধবার সন্ধ্যায় তিনি বাইরে বের হন। অটোরিকশায় উঠলে চালকদের বারবার ধীরে চালানোর জন্য সতর্ক করেন বলেও জানান তিনি।
এলিনা লেখেন, ‘অটোরিকশায় উঠলে সবসময় কেমন যেন অস্থিরতা কাজ করে। চালকদের জীবনপণ সতর্ক করতে থাকি, “মামা আস্তে যান”। কালও এর ব্যতিক্রম ঘটেনি। বারবার বলেছি, কখনও উচ্চস্বরে বলেছি, “আস্তে যান আপনি!” কে শোনে কার কথা! বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে সে ছুটছে। ফলে যা হওয়ার তাই হয়েছে।’
দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিনেত্রী জানান, একটি পাথরজাতীয় কিছু অটোরিকশার সরু চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে ছিটকে পড়েন। একইভাবে এলিনাও রাস্তায় পড়ে যান এবং অটোরিকশাটি তার ওপর এসে পড়ে। অটোরিকশার চাকার স্ক্রু তার কপাল চিরে দিতে পারে বলে ধারণা করছেন তিনি। এতে মাথার সামনের অংশ থেঁতলে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
আহত হওয়ার পরও হ্যান্ডব্যাগ হাতে নিয়ে অন্য একটি অটোরিকশায় করে নিজেই হাসপাতালে যান এলিনা। সেখানে তার মাথায় সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও হতাশা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমরা বারবার বুঝে যাই জীবন ক্ষণিকের। আর এই যে সোনার দেশ, এখানে জীবনের চেয়ে মৃত্যুর দাপট বেশি। এখানে খাবারে বিষ, ভেজাল ওষুধ, ট্রাফিকের অব্যবস্থাপনা, গাড়ির দূষিত কালো ধোঁয়া, মদ্যপ ড্রাইভারদের বেপরোয়াপনা ইত্যাদি। এত বিস্তারিত মনে করে লেখার এনার্জি এখন নাই। এই সময়ের সবচেয়ে ভাইরাল মৃত্যুফাঁদ হচ্ছে “টেসলা”।’
সবশেষে প্রাণ রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলিনা শাম্মী। তার পোস্টে অনেকেই সহমর্মিতা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এলিনা শাম্মীর। ২০২১ সালে রায়হান রাফীর ‘জানোয়ার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এছাড়া ‘বিউটি সার্কাস’, ‘উনিশ ২০’, ‘লোকাল’, ‘মুজিব’, ‘দরদ’, ‘ছায়াবৃক্ষ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন এলিনা। পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।
জ/উ